সুনামগঞ্জ , বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ , ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে যানবাহন থেকে চাঁদাবাজির অভিযোগ, ব্যবস্থা নেওয়ার আশ্বাস মন্ত্রীর তাহিরপুরে বিএনপির বিক্ষোভ, এমপি কামরুলকে নিয়ে রতনের বক্তব্যের প্রতিবাদ আদালতের স্থগিতাদেশের পর সংবাদ সম্মেলনে টোল আদায়ের ঘোষণা ইজারাদারদের ‎জামালগঞ্জে টুফা নদীর ওপর কাঠের সেতু উদ্বোধন করলেন ইউএনও ঘর নির্মাণ নিয়ে বিরোধ: দুই দফা হামলা, রাজমিস্ত্রিসহ আহত ২, লুটপাটের অভিযোগ সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ, ষড়যন্ত্র প্রতিহতের আহ্বান ৩৩ কেভি লাইন স্থাপন নিয়ে মুখোমুখি দুই বিদ্যুৎ সংস্থা মহাসড়কের দু’পাশ দখল করে অবৈধ স্থাপনা, বাড়ছে জনভোগান্তি প্রথম ধাপে ১ হাজার ২৬ ইউপিতে ভোট ডিসেম্বর ঘিরে রাজনৈতিক দলগুলোর কী পরিকল্পনা? শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি দাসকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ নাশকতার চেষ্টার অভিযোগ সাবেক সংসদ সদস্যসহ ২২ জনের নামে মামলা হাইকোর্টে সময় মতো মামলার নথি না পাঠালে বিভাগীয় ব্যবস্থা টেংরা উচ্চ বিদ্যালয়ের কলেজ শাখার উদ্বোধন ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর : সুনামগঞ্জে স্মরণসভা ও দোয়া ফাঁদে ফেলে সর্বস্ব লুটের চেষ্টা, শহরে সক্রিয় সংঘবদ্ধ চক্র শিক্ষার্থীদের রাজনীতিতে আগ্রহী হওয়ার আশা প্রধানমন্ত্রীর, দিলেন তিন পরামর্শ সাবেক পৌর চেয়ারম্যান মমিনুল মউজদীনের মৃত্যুবার্ষিকী পালিত সাবেক কাউন্সিলর প্রদীপ গ্রেপ্তার সুনামগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ
বিএইচডব্লিউ’র প্রতিবেদন

সরকারি হাসপাতালে ৪০% চিকিৎসক অনুপস্থিত, বছরে কমিশন ২ হাজার কোটি

  • আপলোড সময় : ১৭-১১-২০২৬ ০৭:৪২:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-১১-২০২৬ ০৭:৪২:৪২ পূর্বাহ্ন
সরকারি হাসপাতালে ৪০% চিকিৎসক অনুপস্থিত, বছরে কমিশন ২ হাজার কোটি
সুনামকণ্ঠ ডেস্ক :: সরকারি হাসপাতালে চিকিৎসকদের অনুপস্থিতি, রোগীদের বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে পাঠিয়ে কমিশন আদায় এবং চিকিৎসা সরঞ্জাম কেনাকাটায় অনিয়ম-সব মিলিয়ে দেশের স্বাস্থ্য খাতের দুর্নীতির ভয়াবহ চিত্র উঠে এসেছে এক গবেষণায়। এতে বলা হয়েছে, রোগীদের বিভিন্ন পরীক্ষার জন্য বেসরকারি প্রতিষ্ঠানে পাঠিয়ে চিকিৎসকেরা পরীক্ষার ফির ২০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত কমিশন নিচ্ছেন। এ খাতে বছরে প্রায় ১ হাজার ৮৬১ কোটি টাকার লেনদেন হচ্ছে বলে ধারণা করা হয়েছে। বাংলাদেশ হেলথ ওয়াচের (বিএইচডব্লিউ) এক গবেষণা প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, সরকারি হাসপাতালে আকস্মিক পরিদর্শনে প্রায় ৪০ শতাংশ চিকিৎসককে কর্মস্থলে পাওয়া যায়নি। অন্যদিকে, কেন্দ্রীয় ঔষধাগারের (সিএমএসডি) কেনাকাটায় ৪৫৯ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে। ২৮৩ কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম অব্যবহৃত পড়ে রয়েছে। কোনো কোনো সরঞ্জাম বাজারদরের চেয়ে ১৮ গুণ বেশি দামে কেনা হয়েছে। গত রবিবার ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বাংলাদেশ হেলথ ওয়াচের ২০২৫-২৬ সালের দ্বিবার্ষিক প্রতিবেদন প্রকাশ করা হয়। ১৯১ পৃষ্ঠার এই প্রতিবেদনে দেশের স্বাস্থ্য খাতের অনিয়ম, দুর্নীতি, অব্যবস্থাপনা ও জবাবদিহির ঘাটতি তুলে ধরা হয়েছে। বাংলাদেশ হেলথ ওয়াচের আহ্বায়ক ডা. আহমেদ মুশতাক রাজা চৌধুরী এবং আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআর,বি) ইমেরিটাস বিজ্ঞানী ডা. শামস এল আরেফিন প্রতিবেদনটি সম্পাদনা করেছেন। এতে ১৭ জন গবেষকের লেখা ১১টি অধ্যায় রয়েছে। প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছে সুইডেন দূতাবাস ও সুইডিশ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সি (সিডা)। প্রতিবেদনে সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের নানা ধরনের হয়রানি ও দুর্নীতির অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে দালালের দৌরাত্ম্য, শয্যা বরাদ্দ ও হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার বিনিময়ে অবৈধ অর্থ আদায় এবং রোগীদের বেসরকারি ক্লিনিকে পাঠানো। একটি ঘটনায় দেখা গেছে, অস্ত্রোপচারের তারিখ নির্ধারণ করে দেওয়ার আশ্বাস দিয়ে এক বৃদ্ধ রোগীর কাছ থেকে পাঁচ হাজার টাকা নেন হাসপাতালের এক ওয়ার্ডবয়। অথচ সংশ্লিষ্ট ওয়ার্ডে অস্ত্রোপচারের কোনো ব্যবস্থাই ছিল না। এ ঘটনায় ওই কর্মচারীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নিয়ে তাকে অন্যত্র বদলি করা হয়। রোগীদের বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করাতে পাঠানোর বিনিময়ে চিকিৎসকদের কমিশন নেওয়ার বিষয়টিও গবেষণায় উঠে এসেছে। এতে বলা হয়েছে, দেশের বড় ডায়াগনস্টিক প্রতিষ্ঠানগুলোতে এ ধরনের কমিশন লেনদেনের পরিমাণ বছরে প্রায় ১ হাজার ৮৬১ কোটি টাকা হতে পারে। তবে এই হিসাব স্বাধীনভাবে যাচাই করা প্রয়োজন বলেও প্রতিবেদনে সতর্ক করা হয়েছে। গবেষণায় দেখা গেছে, সরকারি হাসপাতালে আকস্মিক পরিদর্শনের সময় প্রায় ৪০ শতাংশ চিকিৎসক কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। পরবর্তী আরেকটি গবেষণায় প্রত্যন্ত অঞ্চলের কিছু স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসকদের অনুপস্থিতির হার ৭০ শতাংশের বেশি পাওয়া গেছে। দায়িত্ব পালন না করেও বেতন-ভাতা নেওয়া ‘ভুতুড়ে চিকিৎসকদের’ বিষয়টিও প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। এছাড়া স্বাস্থ্য খাতের ১ লাখ ৮০ হাজারের বেশি কর্মীর নিয়োগ, বদলি ও পদোন্নতিতে রাজনৈতিক প্রভাব এবং কাগজনির্ভর ব্যবস্থাপনার দুর্বলতা চিহ্নিত করেছেন গবেষকেরা। ২০২১ সালে ২ হাজার ৮৩৯ জন স্বাস্থ্যকর্মীর নিয়োগ বাতিলের ঘটনাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। স্বাস্থ্য খাতের সরকারি কেনাকাটায় বড় ধরনের আর্থিক অনিয়মের তথ্য উঠে এসেছে প্রতিবেদনে। কেন্দ্রীয় ঔষধাগারের কেনাকাটায় ৪৫৯ কোটি টাকার ক্ষতির পাশাপাশি ২৮৩ কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম অব্যবহৃত পড়ে থাকার তথ্য দেওয়া হয়েছে। কিছু সরঞ্জাম বাজারদরের তুলনায় ১৮ গুণ পর্যন্ত বেশি দামে কেনা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, চিকিৎসা সরঞ্জাম কেনার পর সেগুলোর যথাযথ ব্যবহার ও ব্যবস্থাপনা নিশ্চিত করা হচ্ছে না। ফলে বিপুল অর্থ ব্যয়ে কেনা যন্ত্রপাতি রোগীদের চিকিৎসাসেবায় কাজে লাগছে না। স্বাস্থ্য খাতের নিয়ন্ত্রক সংস্থাগুলোর স্বাধীনতা ও জবাবদিহি নিয়েও প্রশ্ন তুলেছে গবেষণাটি। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) প্রায় ৯০ জন সদস্যের মধ্যে প্রায় ৭০ জনই সরকারের সঙ্গে সংশ্লিষ্ট। পর্যালোচনা করা ছয়টি নিয়ন্ত্রক সংস্থার কোনোটিতেই রোগী বা সাধারণ মানুষের কার্যকর প্রতিনিধিত্ব পাওয়া যায়নি। চিকিৎসায় অবহেলার অভিযোগ নি®পত্তিতেও রয়েছে দীর্ঘসূত্রতা। ২০১০ সাল থেকে ২০২৫ সালের মে মাস পর্যন্ত বিএমডিসিতে ১৭২টি অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে ৭৯টি এখনো নি®পত্তির অপেক্ষায় রয়েছে। মাত্র ২৯টি ঘটনায় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। চিকিৎসাশিক্ষার বিস্তার নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে প্রতিবেদনে। এতে বলা হয়েছে, ২০১০ সালে দেশে মেডিকেল কলেজের সংখ্যা ছিল ৬২টি। ২০২২-২৩ সালে তা বেড়ে ১১৮টিতে দাঁড়ায়। তবে মেডিকেল কলেজের সংখ্যা বাড়লেও সেই অনুপাতে শিক্ষার মান নিয়ন্ত্রণ ও তদারকিব্যবস্থার উন্নতি হয়নি। স্বাস্থ্য খাতের অনিয়ম ও দুর্নীতি কমাতে বেশ কিছু সুপারিশ করেছে বাংলাদেশ হেলথ ওয়াচ। এর মধ্যে অন্যতম হলো রোগীদের নির্দিষ্ট ডায়াগনস্টিক সেন্টার বা চিকিৎসাপ্রতিষ্ঠানে পাঠানোর বিনিময়ে কমিশন নেওয়া আইনত নিষিদ্ধ করা। পাশাপাশি ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে চিকিৎসকদের আর্থিক স¤পর্কের তথ্য প্রকাশ বাধ্যতামূলক করার প্রস্তাব দেওয়া হয়েছে। চিকিৎসায় অবহেলার অভিযোগ নি®পত্তি ও ক্ষতিপূরণের বিধান রেখে আইনি কাঠামো তৈরি, ডিজিটাল মানবস¤পদ তথ্যব্যবস্থা চালু এবং প্রত্যন্ত অঞ্চলে দায়িত্ব পালনকারী স্বাস্থ্যকর্মীদের জন্য বিশেষ প্রণোদনার ব্যবস্থার সুপারিশও করা হয়েছে। সরকারি কেনাকাটার সব তথ্য জনসমক্ষে প্রকাশ, চিকিৎসা সরঞ্জাম কেনা থেকে শুরু করে ব্যবহার পর্যন্ত প্রতিটি ধাপের কার্যকর ব্যবস্থাপনা নিশ্চিত এবং অনিয়মের তথ্য প্রকাশকারীদের সুরক্ষা দেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি। এ ছাড়া স্বাস্থ্য খাতের নিয়ন্ত্রক সংস্থাগুলোর স্বাধীনতা নিশ্চিত করতে মন্ত্রী, সচিব ও সংসদ সদস্যদের এসব সংস্থার প্রধান হওয়ার সুযোগ বন্ধের সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে নিয়ন্ত্রক সংস্থাগুলোতে রোগী ও সাধারণ মানুষের প্রতিনিধিত্ব নিশ্চিত এবং একটি স্বাধীন আপিল ব্যবস্থা প্রতিষ্ঠার প্রস্তাব দেওয়া হয়েছে। সূত্র: বাংলানিউজ২৪.কম

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঘর নির্মাণ নিয়ে বিরোধ: দুই দফা হামলা, রাজমিস্ত্রিসহ আহত ২, লুটপাটের অভিযোগ

ঘর নির্মাণ নিয়ে বিরোধ: দুই দফা হামলা, রাজমিস্ত্রিসহ আহত ২, লুটপাটের অভিযোগ